নিজস্ব: বিশ্বজয়ী তথা ভারতীয় ক্রিকেটার শিবম দুবেকে ঘিরে এক মজার ঘটনা দেখা গেল। নিজের পরিচয় গোপন রেখে সম্প্রতি আহমেদাবাদ থেকে মুম্বই ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি। জানা গিয়েছে, ভোর প্রায় ৫টা নাগাদ আহমেদাবাদ থেকে মুম্বইগামী একটি ট্রেনে ওঠেন শিবম। যাতে কেউ তাকে সহজে চিনতে না পারে, সেই কারণে তিনি মাথায় টুপি, মুখে মাস্ক এবং ফুল স্লিভ জার্সিও পরেন শিবম। ট্রেনের থার্ড এসি কামরার উপরের বার্থে গিয়ে বসেন বিশ্বজয়ী ক্রিকেটার।
টিকিট পরীক্ষক কামরায় টিকিট পরীক্ষা করতে এসে হঠাতই জিজ্ঞেস করেন, এখানে কি শিবম দুবে আছেন? টিকিট পরীক্ষকের মুখে এমন প্রশ্ন শুনে মুহূর্তের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে সঙ্গে থাকা দুবের স্ত্রী দ্রুত পরিস্থিতি সামাল দেন। তিনি টিটিই-কে বলেন, না না, উনি এখানে কেন আসবেন? স্ত্রীর এই জবাব শুনে টিকিট পরীক্ষক আর বিষয়টি নিয়ে বেশি প্রশ্ন না করেই অন্য যাত্রীদের টিকিট পরীক্ষা করতে চলে যান। ফলে নিজের পরিচয় গোপন রেখেই নিশ্চিন্তে যাত্রা চালিয়ে যেতে পারেন ভারতীয় অলরাউন্ডার।
শেষ পর্যন্ত কোনও ঝামেলা ছাড়াই শিবম দুবে মুম্বইয়ের বোরিভলি স্টেশনে পৌঁছে যান। পরে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।
ছদ্মবেশে ট্রেনে ভ্রমণ বিশ্বজয়ী শিবমের
