আগামী বুধবার রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে Supreme Court of India-এ। তার আগেই শীর্ষ আদালতে একটি বিস্তারিত হলফনামা জমা দিল নির্বাচন কমিশন। ওই নথিতে উঠে এসেছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় একাধিক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর তথ্য।কমিশনের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় এমন বহু উদাহরণ মিলেছে যেখানে একজন ভোটারের সঙ্গে অস্বাভাবিক ভাবে বিপুল সংখ্যক ভোটারকে ‘সন্তান’ বা অভিভাবক-নির্ভর হিসেবে যুক্ত দেখানো হয়েছে।

কমিশনের মতে, এই তথ্যগুলি বাস্তব ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব।নথি অনুযায়ী, বীরভূমের নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে ৩৮৯ জন ভোটার যুক্ত রয়েছেন, যাঁরা সকলেই তাঁকে নিজের পিতা হিসেবে উল্লেখ করেছেন। একই ধরনের ঘটনা হাওড়ার সাঁকরাইলে দেখা গিয়েছে, যেখানে এক ব্যক্তির সঙ্গে যুক্ত ৩১০ জন ভোটার। মুর্শিদাবাদে এই সংখ্যা ১৯৯, আসানসোলে ১৭০, দার্জিলিঙে ১৫২ এবং জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ জন বলে জানানো হয়েছে।নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে আরও জানা গিয়েছে, রাজ্যে ছ’জনের বেশি সন্তান দেখানো হয়েছে এমন ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজারেরও বেশি। এর মধ্যে ৮,৬৮২টি ক্ষেত্রে ১০ জনের বেশি সন্তানের তথ্য পাওয়া গিয়েছে। উদ্বেগজনক ভাবে, ৫০ জনের বেশি সন্তান দেখানো হয়েছে এমন ঘটনা ধরা পড়েছে ১০টি ক্ষেত্রে এবং ১০০ জনের বেশি সন্তানের তথ্য মিলেছে সাতটি ঘটনায়। এমনকি দু’টি ক্ষেত্রে একজন ভোটারের সঙ্গে ২০০ জনেরও বেশি ভোটার যুক্ত থাকার তথ্য সামনে এসেছে।কমিশনের বক্তব্য, এই ধরনের অসঙ্গতি ভোটার তালিকায় বড়সড় গরমিল বা তথ্যগত ত্রুটির ইঙ্গিত দেয়। সেই কারণেই যেসব ক্ষেত্রে ছ’জন বা তার বেশি ভোটার একজন ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) মাধ্যমে নোটিস জারি করে তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত আনম্যাপড তথ্য এবং লজিক্যাল ডিসক্রিপ্যান্সি থাকা ১ কোটি ৫১ লক্ষের বেশি ভোটারের জন্য শুনানির নোটিস তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের ক্ষেত্রে ছ’জনের বেশি ‘প্রজেনি’ বা সন্তান সংক্রান্ত তথ্য পাওয়া গিয়েছে।উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী Mamata Banerjee। তার আগে তৃণমূলের পক্ষ থেকে একই ইস্যুতে মামলা দায়ের করেছিলেন সাংসদ Derek O’Brien এবং Dola Sen।আগামী বুধবার প্রধান বিচারপতি Justice Surya Kant ও বিচারপতি Justice Joymalya Bagchi-র বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।
