ডিগ্রি অর্জনের পরও দীর্ঘদিন চাকরি না মেলায় আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গের NIOS ডিএলএড উত্তীর্ণ প্রার্থীরা। সোমবার সল্টলেকের বিকাশ ভবন অভিযানের ডাক দেয় ‘পশ্চিমবঙ্গ NIOS ডিএলএড সংগ্রাম মঞ্চ’। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি—এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।
এদিন করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু করে বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রতিবাদের অংশ হিসেবে থালা বাজিয়েও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
আন্দোলনকারীদের দাবি, সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই রায় কার্যকর হয়নি। তাঁদের বক্তব্য, “ন’বছর ধরে আমরা আন্দোলন করছি। দেশের অন্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলছে, কিন্তু বাংলায় এখনও অনিশ্চয়তা কাটেনি।”
উল্লেখ্য, NIOS (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং) মাধ্যমে দূরশিক্ষায় ডিএলএড কোর্স সম্পন্ন করেন বহু প্রার্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু’বছরের ডিএলএড বাধ্যতামূলক। তবে ১৮ মাসের কোর্সকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়, যা পরে আদালত পর্যন্ত গড়ায়।
আন্দোলনকারীদের একাংশের দাবি, আদালত নির্দিষ্ট করে ১,২৩৩ জন প্রার্থীকে ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। কিন্তু বাস্তবে এখনও নিয়োগ হয়নি। তাঁদের অভিযোগ, একদিকে বেকার ভাতা দেওয়া হচ্ছে, অন্যদিকে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করা হচ্ছে না।
প্রার্থীদের বক্তব্য, তাঁরা বৈধভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং নিয়ম মেনেই চাকরির দাবিদার। NIOS উত্তীর্ণদেরও নিয়মিত প্রার্থীদের মতো সমান মর্যাদায় সাক্ষাৎকার ও নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এদিনের বিক্ষোভ ঘিরে সল্টলেক চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবেন তাঁরা।
