দোল উৎসবের পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে—এমনই ইঙ্গিত মিলছে কমিশন সূত্রে। জানা গিয়েছে, আগামী ১ ও ২ মার্চ রাজ্যে আসছে Election Commission of India-এর ফুল বেঞ্চ। এই সফরে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমিশনের। সেই বৈঠকের পরেই বাংলার ভোট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।আগে ঠিক ছিল, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশ করা হবে ভোটের নির্ঘণ্ট। সেই অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত থাকলেও, তা পিছিয়ে যায়। ফলে কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।তবে কমিশন সূত্রে জানা যাচ্ছে, নেড়া পোড়া বা হোলিকা দহনের আগে কোনও ঘোষণা করা হবে না। অর্থাৎ দোলের আগেই ভোটের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা কার্যত নেই বলেই ইঙ্গিত।এদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের একাংশের অভিযোগ, স্বশাসিত সংস্থা হলেও নির্বাচন কমিশন কার্যত Bharatiya Janata Party-র প্রভাবেই সিদ্ধান্ত নেয়। তাঁদের দাবি, বিজেপি উত্তর ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশ্বাস অনুযায়ী হোলিকা দহনের আগে কোনও শুভ কাজ না করার রীতি মেনে চলে। সেই কারণেই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট হোলির পরেই প্রকাশ করা হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গের পাশাপাশি Assam, Tamil Nadu, Kerala এবং Puducherry-তেও নির্বাচন রয়েছে। কমিশন একসঙ্গেই সব রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে।কয় দফায় ভোট?বাংলায় ভোট কত দফায় হবে, তা নিয়েও চলছে জল্পনা। সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে—এক দফায় ভোট করতেও রাজ্য প্রস্তুত। পর্যাপ্ত লোকবল রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মিললে এক দফাতেই ভোট সম্ভব বলে মত রাজ্য প্রশাসনের। এতে ভোট-হিংসা কমার সম্ভাবনাও রয়েছে।তবে জাতীয় নির্বাচন কমিশন নাকি তিন দফায় ভোট করানোর পক্ষপাতী। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে কমিশন এখনও ভাবনাচিন্তা করছে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এলে, এই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে।
দোলের পরেই কি ঘোষণা হবে বাংলার ভোট নির্ঘণ্ট? কমিশন সূত্রে জোর জল্পনা
