বিবেচনাধীন প্রায় ৬০ লক্ষ ভোটার, সোমবার পর্যন্ত নিষ্পত্তি প্রায় ২০ লক্ষের: সিইও দফতর

পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। সোমবার পর্যন্ত তার মধ্যে প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর।

সোমবার সিইও মনোজ আগরওয়াল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নথি খতিয়ে দেখার কাজ চলছে। এই কাজের জন্য মোট ৭০৫ জন বিচারপতি দায়িত্ব পালন করছেন। কমিশনের তরফে জানানো হয়েছে, বাকি ভোটারদের তথ্য যাচাই ও নিষ্পত্তির কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ৬৩ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ মৃত, কেউ অন্যত্র স্থানান্তরিত, কেউ অনুপস্থিত অথবা কারও নাম অন্যত্র নথিভুক্ত রয়েছে। অন্যদিকে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায়, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ ও মালদহ জেলায়। মালদহে বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩, যার মধ্যে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জনের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকা নিয়ে কোনও আপত্তি বা অভিযোগ থাকলে তা বিচার করবে একটি ট্রাইবুনাল। প্রাক্তন প্রধান বিচারপতি ও বিচারকদের নিয়ে সেই ট্রাইবুনাল গঠন করা হবে। কলকাতা হাই কোর্ট যে বিচারক ও অবসরপ্রাপ্ত বিচারকদের এই দায়িত্ব দিয়েছে, তাতে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ না করার নির্দেশও দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

এদিকে রবিবার নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষাধিক ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তির জন্য বিচারকদের হাতে আর কতটা সময় রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কেন্দ্রের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সংশ্লিষ্ট ভোটার তালিকায় যাঁদের নাম অন্তর্ভুক্ত হবে, তাঁরা ভোট দেওয়ার অধিকার পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *