পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের রপ্তানি বাণিজ্যে। ভারতীয় রাইস এক্সপোর্টারদের দাবি, প্রায় ৪ লক্ষ মেট্রিক টন বাসমতি চাল বর্তমানে ভারতীয় বন্দর এবং সমুদ্রপথে আটকে রয়েছে।
অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (AIREA)-এর সভাপতি সতীশ গোয়েল জানান, প্রায় ২ লক্ষ টন চাল বন্দরে আটকে আছে এবং আরও ২ লক্ষ টন চাল সমুদ্রপথে রয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।
ভারত প্রতি বছর প্রায় ৬০ লক্ষ টন বাসমতি চাল রপ্তানি করে, যার মধ্যে প্রায় ৪০ লক্ষ টন যায় গালফ অঞ্চলে। বিশেষ করে সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন ভারতের প্রধান বাজার।
এদিকে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রকের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং ‘সাপ্লাই চেইন রেজিলিয়েন্স’ নিয়ে একটি আন্তঃমন্ত্রক গোষ্ঠী গঠন করা হয়েছে।
রপ্তানিকারক সংগঠনগুলির আশঙ্কা, সংঘাত দীর্ঘস্থায়ী হলে চালের দাম, জাহাজ ভাড়া ও বিমা খরচ দ্রুত বাড়তে পারে, ফলে ক্ষতির মুখে পড়তে পারেন ভারতীয় ব্যবসায়ীরা।
