২৪ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগ কাউন্সেলিং, সূচি জানাল এসএসসি

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। অবশেষে প্রকাশ করা হল কাউন্সেলিংয়ের সময়সূচি। কমিশন সূত্রে খবর, আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং পর্ব।

জানা গিয়েছে, প্রতিদিন দুই দফায় কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় পর্ব বেলা ২টো থেকে। একই দিনে একাধিক বিষয়ের কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি থেকে এসএসসির সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। কাউন্সেলিংয়ে অংশগ্রহণের জন্য ওই লেটার বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, খুব শীঘ্রই ক্যাটেগরি-ভিত্তিক শূন্যপদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। প্রথম দফায় যেসব বিষয়ের কাউন্সেলিং শুরু হচ্ছে, তার মধ্যে রয়েছে অ্যান্ড্রোপলজি, হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, অ্যাগ্রোনমি, অ্যাকাউন্টেন্সি (বাংলা, হিন্দি, উর্দু মাধ্যম) এবং ফিজিক্যাল এডুকেশন।

প্রার্থীদের নির্ধারিত সময় মেনে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং অন্যান্য প্রমাণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে বা নিয়মভঙ্গ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করেছে কমিশন।

দীর্ঘ প্রতীক্ষার পর কাউন্সেলিং সূচি প্রকাশ হওয়ায় প্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *