বারাণসীতে কলেজ ক্যাম্পাসে গুলি করে খুন BSc ছাত্র, অভিযুক্ত সহপাঠী গ্রেফতার

untitled 1

উত্তরপ্রদেশের বারাণসী-তে চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার দুপুরে উদয় প্রতাপ কলেজ ক্যাম্পাসের মধ্যেই গুলি করে খুন করা হল এক BSc চতুর্থ সেমিস্টারের ছাত্রকে।

মৃত ছাত্রের নাম সূর্য প্রতাপ সিং। অভিযোগ, ব্যক্তিগত বিবাদের জেরে একই কলেজের ছাত্র মনজিত চৌহান তাকে তাড়া করে একাধিকবার গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্লাসরুমের সামনে হঠাৎই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়তে থাকেন সূর্য প্রতাপ, আর সেই সময়ে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা আতঙ্কে চিৎকার করছে, বিশেষ করে বহু ছাত্রী ভয়ে কাঁদতে শুরু করে। কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সূর্য প্রতাপ।

তড়িঘড়ি তাঁকে স্থানীয় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর দ্রুত পদক্ষেপ করে পুলিশ অভিযুক্ত মনজিত চৌহানকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। পাশাপাশি, কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হলে তা নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় জাতিগত (caste) কোনো যোগ রয়েছে বলে কিছু দাবি উঠলেও, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুজব না ছড়ানোর আবেদনও জানানো হয়েছে।

এই ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *