মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী

বনগাঁয় একটি অনুষ্ঠানে মঞ্চে হেনস্থার অভিযোগ ওঠার পর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। অভিনেত্রী মিমি চক্রবর্তীর করা অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার নিজের বাড়িতেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয় বলে অভিযোগ। এই ঘটনায় বনগাঁ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই মুহূর্তে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’–এর প্রচারে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারেননি। তবে পুলিশের পদক্ষেপে তিনি সন্তুষ্ট বলেই জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিমি। সেখানেই মঞ্চে তাঁকে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। মিমির বক্তব্য, অনুষ্ঠান চলাকালীন আচমকাই তনয় শাস্ত্রী মঞ্চে উঠে এসে তাঁকে থামিয়ে দেন এবং নেমে যেতে বলেন। পরিস্থিতি না বাড়িয়ে তিনি পুরো অনুষ্ঠান শেষ না করেই মঞ্চ ছাড়েন। তাঁর অভিযোগ, তনয়ের আচরণ ছিল অত্যন্ত উদ্ধত।

এরপরই ই-মেলের মাধ্যমে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। তাঁর আরও অভিযোগ, অন্য শিল্পীদের মতো তনয়ের বাড়িতে অতিথি হয়ে যেতে রাজি না হওয়াতেই তাঁর সঙ্গে এই ধরনের আচরণ করা হয়েছে। এই ঘটনা ঘিরে সোমবার থেকেই এলাকায় উত্তেজনা চলছিল।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তনয় শাস্ত্রী। তাঁর দাবি, অনুষ্ঠানে মিমি দেরিতে পৌঁছেছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করতে হয়েছিল। তাঁর বক্তব্য, মিমির সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *