হাওড়ার উলুবেড়িয়ায় এক ভয়ঙ্কর পারিবারিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে ঘুমন্ত স্ত্রী ও ছেলেদের উপর কাটারি নিয়ে হামলা চালিয়ে স্ত্রী ও বড় ছেলেকে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি।
ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার বানীতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রদীপ মুখোপাধ্যায় (৪০) গভীর রাতে বাড়ির চালের টালি খুলে ভিতরে ঢোকেন। সেই সময় তাঁর স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় (৩৮) এবং দুই ছেলে ঘুমিয়ে ছিলেন।
অভিযোগ, ভিতরে ঢুকেই কাটারি দিয়ে প্রথমে স্ত্রীর উপর হামলা চালান প্রদীপ। এরপর বড় ছেলে প্রণব মুখোপাধ্যায় (১৮)-কেও লক্ষ্য করে একের পর এক কোপ মারেন। ঘটনাস্থলেই মা ও বড় ছেলের মৃত্যু হয়।
ছোট ছেলে আবির মুখোপাধ্যায় পালানোর চেষ্টা করলেও তাকে লক্ষ্য করেও হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় সে পড়ে থাকে। এরপর অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। আহত আবির ও প্রদীপকে উদ্ধার করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপ দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীকে সন্দেহ করতেন। এই নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝামেলা হত। ঘটনার দিন সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল বলে খবর।
পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
