‘ক্যাশ ফর কোয়ারি’ মামলায় আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ মহুয়া

নিজস্ব : আপাতত সুপ্রিম-স্বস্তিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। ‘ক্যাশ ফর কোয়ারি’ মামলায় সিবিআই চার্জশিট পেশ করে। ওই মামলার শুনানিতে আপাতত স্থগিতাদেশ দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় আপাতত মহুয়া মৈত্রর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা যাবে না।
শুক্রবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত জানায়, দিল্লি হাইকোর্টের রায়ের ৮৯ নম্বর অনুচ্ছেদের কার্যকারিতা আপাতত স্থগিত থাকবে। সেই কারণেই এই মুহূর্তে তদন্তের ভিত্তিতে কোনও চার্জশিট দাখিল করা যাবে না।
এদিন সুপ্রিম কোর্ট মামলার সব পক্ষকেই নোটিস জারি করেছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশাপাশি অভিযোগকারী ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকেও জবাবদিহি চেয়ে নোটিস পাঠায় আদালত। একইসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গেছে, ‘ক্যাশ ফর কোয়ারি’ মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের করেছিলেন লোকপাল। তদন্ত শুরু করার অনুমতি সংক্রান্ত বিষয়ে দিল্লি হাইকোর্টের রায়ের একটি নির্দিষ্ট অংশ নিয়ে ব্যাখ্যা চেয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হন। অভিযোগ, ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ বিতর্কে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি এবং আইনি প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উঠে এসেছে।
শুনানির সময় আদালত জানায়, লোকপালের ক্ষমতার পরিধি এবং এই বিষয়ে আইনে কোনও বিধিনিষেধ থাকলে তা বিস্তারিতভাবে পরীক্ষা করা হবে। পাশাপাশি বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান নির্দেশকে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নেওয়ার অনুমতি হিসেবে এখনই ব্যাখ্যা করা যাবে না। মামলায় কেন্দ্রীয় সরকারকেও পক্ষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *