উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাসন্তী : বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শাসক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকট হচ্ছে দক্ষিন ২৪ পরগনায়। এবার সুন্দরবনের জয়নগর লোকসভার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি বাজারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০ জন তৃণমূল কর্মী। পুলিশ জানায়, দুই গোষ্ঠীর মধ্যে পুরনো শত্রুতা ছিল। তার জেরে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বাসন্তী থানার আইসি অভিজিত পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও পরিস্থিতি সামলাতে হিমশিম খায়। পুলিশের সামনেই এক পক্ষ অন্য পক্ষের দিকে দেদার ইট-পাথর ছোঁড়ে।
সূত্রের খবর, ওই এলাকায় আজাদ কয়াল ও মুর্শিদ শেখের মধ্যে বিবাদ চলছিল দীর্ঘদিনের। অভিযোগ, আজাদ ও তাঁর অনুগামীরা এ দিন আচমকা মুর্শিদ ও তাঁর সমর্থকদের উপর হামলা চালায়। যদিও আজাদের দাবি, প্রথমে তাঁদের উপর আক্রমণ করা হয়েছিল। যার পাল্টা হামলা চালায় আজাদের দল। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ঢুড়ি বাজার। পুলিশ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুক্রবার ও ওই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশের বিশাল বাহিনী। গ্রামেও পুলিশ পিকেট বসানো হয়েছে। বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের খোঁজেও এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন পুলিশ আধিকারিকরা। তবে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল মানতে নারাজ বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল। তিনি বলেন, ওটা পারিবারিক অশান্তির ঘটনা,এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আহত ২০
