বি. নাথ : জলাভূমি ভরাট ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে। খড়দার রহড়া থানা এলাকার ঘটনা। অভিযোগ, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের রুইয়া শিল্পতালুকে জলাভূমি ভরাট ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শনিবার মারপিটের ঘটনা ঘটেছে। তৃণমূলের খড়দা ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা শিবিরের সঙ্গে পঞ্চায়েত প্রধান তপতী দাস বিশ্বাস শিবিরের মধ্যে এই বিবাদ। তৃণমূলের উভয় গোষ্ঠীর লোকজন রহড়া থানার অভিযোগ জানাতে এসে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাসের অভিযোগ, ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার নেতৃত্বে হামলা করা হয়েছে। যদিও তৃণমূলের খড়দা ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা জানান, সামনেই নির্বাচন। দলের সিদ্ধান্ত, খড়দা ব্লকের চারটে পঞ্চায়েতের কোথাও পুকুর কিংবা জলাভূমি ভরাট করা যাবে না। কিন্তু শিল্পতালুকে একটা ভরাট নিয়ে এলাকার দুই ব্যবসায়ীর মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। সেটা প্রশাসন খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে।
জলাভূমি ভরাট ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত একাধিক
