বি. নাথ : শনিবার খড়দার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের রুইয়া শিল্পতালুকে জলাজমি ভরাটকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছিল। রবিবার নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে এপ্রসঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, সারা রাজ্য জুড়ে পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাট মমতা ব্যানার্জীর সাংবিধানিক অধিকার। ওনার ‘জলধরো জলভরো’ প্রকল্প ভুয়ো ছিল। তাঁর দাবি, খড়দায় তোলাবাজি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে মারপিট হয়েছে। ওখানে সাংসদ পার্থ ভৌমিক বনাম খড়দার বিধায়ক গোষ্ঠীর তোলাবাজি নিয়ে লড়াই চলছে। পাশাপাশি এসআইআরের চাপে কাঁচরাপাড়ার স্কুল শিক্ষকের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে সম্পূর্ন মিথ্যা বলে দাবি করলেন অর্জুন সিং। গৃহসম্পর্ক অভিযানে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ, জেলার সহ-সভাপতি মনোজ সিং, যুব নেতা সূর্য চৌধুরী, সৌমদীপ মোদক প্রমুখ।
তোলাবাজি ঘিরে খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি অর্জুনের
