ইংরেজবাজারে ক্ষমা চেয়ে ভোট-ভিক্ষা তৃণমূল প্রার্থীর, কটাক্ষ বাম-বিজেপির

দেবাশিস পাল, মালদা : এখনও মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থীর নাম ঘোষনা হয়নি। কিন্তু তাতে কি? ভোটের প্রচার ময়দানে বাম ও তৃণমূল প্রার্থীরা নেমে পড়ছেন জোর কদমে। মালদার ইংরেজবাজারে তৃণমূল প্রার্থী আশিষ কুণ্ডু ভোট প্রচারে দলের একাংশ নেতৃত্বের জন্য ক্ষমা চেয়ে ভোট ভিক্ষা করছেন। অপরদিকে পাপ আর দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত ভরে গিয়েছে তাই এখন প্রার্থীকে ক্ষমা চেয়ে ভোটের প্রচার করতে হচ্ছে বলে কটাক্ষ করেছেন ইংরেজবাজারের সিপিএম প্রার্থী অম্বর মিত্র। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, মানুষ তাদের ক্ষমা করবেন না। তারা অপরাধ করেছে। মানুষ শাস্তি দেবেন। ইংরেজবাজার বিধানসভা হাইভোল্টেজ কেন্দ্র। বিগত কয়েকটি নির্বাচনে বিজেপি প্রায় এক লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল থেকে। তাই এই আসনটি জিততে মরিয়া তৃণমূলের রাজ্য নেতৃত্ব। বিতর্কিত দাপুটে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পরিবর্তে অনেকটায় দুর্বল আশিষ কুণ্ডুকে প্রার্থী করেছে রাজ্য নেতৃত্ব। সেক্ষেত্রে তৃণমূল রাজ্য নেতৃত্বের রণকৌশল কতটা সফল হবে সেটাই এখন দেখার। যদিও সবটাই বলবে সময় আর প্রার্থী নির্বাচিত করবেন জনতা-জনার্দন। তবে মালদার ইংরেজবাজার কেন্দ্র সরগরম রয়েছে ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর ক্ষমা চাওয়া নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *