ঝড়খালিতে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : থানার অদূরে বাঘের পায়ের ছাপ আতঙ্কে দিন কাটাচ্ছেন সুন্দরবনের ঝড়খালির বাসিন্দারা।দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়াকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঝড়খালি থানার কাছাকাছি ধানক্ষেতের ভেতর এই পায়ের ছাপ চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও কয়েক জন কৃষক জমির কাজে যাচ্ছিলেন। কাদামাটি ভেজা জমির ওপর হঠাৎ বড় আকারের পায়ের ছাপ নজরে আসে তাঁদের। ছাপের গঠন ও মাপ দেখে তাঁদের সন্দেহ হয়, সেটি বাঘেরই হতে পারে। সঙ্গে সঙ্গে খবরটি গ্রামে ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন, যদিও ভয়ের কারণে কেউই খুব কাছে যাওয়ার সাহস দেখাননি।ঝড়খালি সুন্দরবনের কাছে হওয়ায় বন্যপ্রাণীর চলাচলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এর আগেও বিভিন্ন সময়ে লোকালয়ে হরিণ, শিয়াল বা বুনো শূকরের এমনকি বাঘের দেখা মিলেছে। তবে বাঘের পায়ের ছাপের সম্ভাবনা সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।স্থানীয় বাসিন্দারা শিশুদের বাড়ির বাইরে একা না যেতে সতর্ক করছেন। গবাদি পশুকেও ঘরের কাছাকাছি নিরাপদে বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছে।আর এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পাশাপাশি বন দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। বনকর্মীরা এসে পায়ের ছাপ পরীক্ষা করে দেখবেন এবং প্রয়োজনে ক্যামেরা ট্র্যাপ বসানো বা তল্লাশি চালানোর উদ্যোগ নিতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক বার্তা দেওয়ার কথাও ভাবা হচ্ছে, যাতে কেউ অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকেন। গ্রামবাসীদের অনুরোধ, রাতের বেলা একা বাইরে না বেরোনো, জঙ্গল সংলগ্ন এলাকায় না যাওয়া এবং কোনও বন্যপ্রাণী চোখে পড়লে সঙ্গে সঙ্গে বন দপ্তর বা পুলিশকে খবর দেওয়া। এ বিষয়ে দক্ষিণ২৪ পরগনা জেলা মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, শুক্রবার সকালে ঝড়খালি গ্রাম পঞ্চায়েতে থানার পাশে একটি ধান জমিতে বন্যপ্রাণী ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। ইতিমধ্যেই বনদপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে এলাকাবাসীদের সতর্ক করার কাজ শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *