‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজনে স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চে ‘অপারেশন সিন্দুর’ এর বীরাঙ্গনারা

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৭তম সিজন নিয়ে ছোট পর্দায় জমিয়ে বসেছেন অমিতাভ বচ্চন। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে শো-টির একটি বিশেষ পর্বে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন সদস্য— কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কমান্ডার প্রেরণা দেওস্থলি উপস্থিত থাকবেন।ভারত-পাকিস্তান যুদ্ধের সময় দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তিনজন। বোঝাই যাচ্ছে এদিনও শাহেনশার উল্টোদিকে বসে ‘হট সিট’-এ তিন জন ‘অপারেশন সিন্দুর’- নিয়ে নানা বিষয়ে কথা বলবেন। শো-এর প্রোমোতে দেখা যাচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান এটা বহু বছর ধরেই করে আসছে। এর জবাব দেওয়াটা জরুরি ছিল, তাই ‘অপারেশন সিঁদুর’-এর পরিকল্পনা করা হয়েছে।উইং কমান্ডার ব্যোমিকা সিং নিজের অভিজ্ঞতা ভাগ করে জানান, রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে, মাত্র ২৫ মিনিটেই সব শেষ করে দেওয়া হয়েছিল। কমান্ডার প্রেরণা দেওস্থলি জানিয়ে দিলেন নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছিল এবং কোনও সাধারণ নাগরিকের ক্ষতি এই অভিযানে হয়নি। আবার সোফিয়া বলেন, এ যেন এক নতুন ভারত, নতুন মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই পর্বের প্রোমোতে অমিতাভ বচ্চন অতিথিদের স্বাগত জানানোর সময় ‘ভারত মাতা কি জয়’ বলে ওঠেন। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর-এর পহেলগাঁওতে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। সেই অভিযানের পর এই প্রথম কোন রিয়ালিটি শো’তে মুখ দেখতে চলেছেন এই তিন বীর কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *