সামনেই ছবিমুক্তি! তার আগে হঠাৎ কেন বিদেশে পাড়ি দিলেন সন্দীপ্তা?

জুন মাসে মুক্তি সন্দীপ্তা সেন অভিনীত ‘আপিস’ আর ‘ভূতপূর্ব’ ছবি দুটি। ছবির ম্যারাথন প্রচারে নামতে হবে তাঁকে। তার আগে একটু দম নিতে স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী পাড়ি দিয়েছেন ইউরোপ ভ্রমণে। দিনচারেক গিয়েছেন সুইৎজ়ারল্যান্ডে। সামনেই জামাই ষষ্ঠী। তবে কি এবারের জামাইষষ্ঠী বিদেশেই কাটাবেন অভিনেত্রী? বিদেশ থেকে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন জামাইষষ্ঠীর বিশেষ দিনে তিনি কলকাতাতেই থাকবেন। অভিনেত্রী বলেছেন, “ওই দিন সকালে শহরে পা রাখছি। জামাইষষ্ঠী মিস করার কোনও সম্ভাবনাই নেই।”
এর পাশাপাশি বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে সন্দীপ্তা আবার নাকি ছোটপর্দায় ফিরতে চলেছেন। টলিপাড়ায় জোর গুঞ্জন জিবাংলার আসন্ন রানী ভবানী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় নাকি অভিনয় করবেন তিনি। তবে বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য “জিবাংলা সঙ্গে এই বিষয়ে আমার কোনও কথাই হয়নি”। এর পাশাপাশি দর্শকদের আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন “ঐতিহাসিক চরিত্রের তুলনায় সামাজিক গল্পে আমি বেশি স্বচ্ছন্দ। তাই সেই ধরনের কোনও গল্পে যদি কোন জোরালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাই তবে নিশ্চয়ই আবারও ছোটপর্দায় ফিরব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *