মঙ্গলবার জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ২৮ পর্যটকের মৃত্যু হয়েছে। পুলওয়ামা (Pulwama) হামলার পর এটাই সবথেকে বড় সন্ত্রাসবাদী হামলা। ইতিমধ্যে গোটা দেশ রাগেও ফুঁসছে। এর মধ্যেই কয়েক ঘণ্টার ব্যবধানে আরও কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে কাশ্মীরে। তাদের মধ্যে ২ জনকে ইতিমধ্যে নিকেশ করেছেন নিরাপত্তারক্ষীরা।
বুধবার ভোরে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় অনুপ্রবেশের চেষ্টা করে অন্তত ৩ জন সন্ত্রাসবাদী। কিন্তু তাদের মধ্যে ২ জনকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে। তাঁদের তরফে চিনার কর্পস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘এলওসি সীমান্তে লাগাতার গুলির লড়াই চলেছে। কয়েক ঘণ্টার মধ্যেই ২ জনকে খতম করা গেছে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর বন্দুক, বোমা এবং কার্তুজ উদ্ধার হয়েছে।’ তল্লাশি অভিযান চলছে । মনে করা হচ্ছে, ৩ জনের বেশিই অনুপ্রবেশের চেষ্টা করেছিল তবে ধরা গিয়েছে এই কয়েকজনকেই।
