বিশাখাপত্তনম, ২৮ জানুয়ারি:
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে হার মানল ভারত। নেহাতই নিয়মরক্ষার ম্যাচ হলেও বিশ্বকাপের আগে ব্যাটিং ব্যর্থতা, বিশেষ করে সঞ্জু স্যামসনের অফ ফর্ম, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলল।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন কিউয়ি ওপেনার টিম সেইফার্ট ও ডেভন কনওয়ে। পাওয়ার প্লে-তেই ৭১ রান তোলেন তাঁরা। মাত্র ৮.১ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড।

এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। তাঁকে ছয় মারতে গিয়ে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন কনওয়ে (২৩ বলে ৪৪)। পরের ওভারেই রাচিন রবীন্দ্রকে (২) ফেরান জসপ্রীত বুমরা। অর্শদীপ সিংয়ের বলে আউট হন সেইফার্ট (৩৬ বলে ৬২)। গ্লেন ফিলিপস (১৬ বলে ২৪) কুলদীপের দ্বিতীয় শিকার হন। শেষদিকে ড্যারিল মিচেলের ১৮ বলে অপরাজিত ৩৯ রানের দাপটে নির্ধারিত ২০ ওভারে ২১৫/৭ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে কুলদীপ ও অর্শদীপ নেন দু’টি করে উইকেট। বুমরা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট পান।
২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে ভারতের ইনিংসে। অভিষেক শর্মা শূন্য রানে ফেরেন। অধিনায়ক সূর্যকুমার যাদব (৮), হার্দিক পাণ্ড্য (২) এবং সঞ্জু স্যামসনও ব্যর্থ হন। সঞ্জু ১৫ বলে ২৪ রান করে মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে ফেরেন, যা টিম ম্যানেজমেন্টের চিন্তা আরও বাড়িয়েছে।
চার নম্বরে নেমে রিঙ্কু সিং ৩০ বলে ৩৯ রান করে কিছুটা লড়াই দেখালেও একাই দলকে টানতে পারেননি। একমাত্র উজ্জ্বল দিক ছিলেন শিবম দুবে। মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করে ম্যাচে জয়ের ক্ষীণ আশা জাগান তিনি। ২৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ৭টি ছয়। তবে রান আউট হয়ে ফেরার সঙ্গে সঙ্গেই ভারতের জয়ের যাবতীয় সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারত।
কুঁচকির হালকা চোটের কারণে এই ম্যাচে ঈশান কিশানকে বিশ্রাম দেওয়া হয়। তাঁর জায়গায় খেলেন অর্শদীপ সিং।
