সাধারণতন্ত্র দিবসের মঞ্চে জিন্নার নাম নিয়ে স্লোগান! ভাইরাল ভিডিও ঘিরে বিহারে গ্রেপ্তার শিক্ষক

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মহম্মদ আলি জিন্নার নাম নিয়ে স্লোগান তোলার অভিযোগে বিহারের একটি স্কুলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা এখনও যাচাই করেনি প্রাইম টাইম।

ঘটনাটি ঘটেছে বিহারের সুপুল শহরের কিশানপুর থানা এলাকার একটি স্কুলে। সোমবার দেশজুড়ে ৭৭তম সাধারণতন্ত্র দিবস পালনের পাশাপাশি ওই স্কুলেও বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন স্কুলেরই এক শিক্ষক জিন্নার সমর্থনে স্লোগান দেন, যা অন্য শিক্ষকদের নজরে আসে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চ থেকে মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ ও ভগৎ সিংয়ের নামে স্লোগান তোলা হচ্ছিল। সেই সময়ই এক শিক্ষককে জিন্নার নাম উচ্চারণ করে স্লোগান দিতে শোনা যায়।

অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে কিশানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

এই প্রসঙ্গে সুপুলের পুলিশ সুপার আর এস শরৎ জানান, “একজন শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *