কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র সরকারের কর নীতিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভারতীয়দের জীবন কেন্দ্রের চাপানো ট্যাক্সের ধাঁধায় আটকে।”
কর নীতির সমালোচনার পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে ‘দ্বৈত ভারত’-এর প্রসঙ্গও। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বমানবের জন্মভূমি ভারত, অন্যদিকে বাংলায় কথা বললেই কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা—এমন অভিযোগ তোলেন তিনি। ২০২১ সালে জন এফ কেনেডি সেন্টারে বীর দাসের ‘টু ইন্ডিয়াস’ মন্তব্যের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, সেটি আসলে দেশের বাস্তবতারই প্রতিফলন।
এ দিন একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। রাজ্যের বকেয়া অর্থ না মেটানো, বাজেটে বাংলাকে বঞ্চিত করা এবং দেশবাসীকে ‘ট্যাক্স ট্র্যাপ’-এ ফেলার অভিযোগ তোলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উদ্দেশে তাঁর বার্তা—উপযুক্ত তথ্য থাকলে তিনি পাল্টা জবাব দিতে পারেন এবং প্রয়োজনে তাঁর নামও উল্লেখ করতে পারেন। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক।
নিজের বক্তব্যে ‘ট্যাক্স ট্র্যাপ’-এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, শিশুর ডায়াপার থেকে পড়াশোনার সামগ্রী, উপার্জনের আয়কর, সঞ্চয়ের উপর কর, খরচের উপর জিএসটি, পেট্রল-ডিজেল, চিকিৎসা, ওষুধ—সব ক্ষেত্রেই করের বোঝা। এমনকি মৃত্যুর পর শোকসভাতেও পরিবারের কর দিতে হয় বলে দাবি তাঁর।
