কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এশিয়ান গেমস সোনা জয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। উপস্থিত ছিলেন গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য।
দলে যোগ দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হন স্বপ্না। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে তিনি যে জায়গায় নিয়ে গিয়েছেন, তা অন্য কোথাও দেখা যায় না। তাঁর উন্নয়নমূলক কাজের শরিক হতে চেয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন জলপাইগুড়ির রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্না বর্মণ। পরে পিঠের চোটের কারণে অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী।
দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, সক্রিয় রাজনীতিতে দেখা যেতে পারে স্বপ্নাকে। এমনও গুঞ্জন ছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়ির মহাকাল মন্দিরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে তাঁকে সংবর্ধনা জানানোর পর সেই জল্পনা আরও জোরদার হয়।
অবশেষে সব জল্পনায় জল ঢেলে ঘাসফুল শিবিরে নাম লেখালেন স্বপ্না। তাঁর এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে কি না, এখন সেটাই দেখার।
