ফ্রি বিদ্যুৎ ঘোষণা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের, আর্থিক চাপের আশঙ্কা

নির্বাচনের আগে হঠাৎ করে ফ্রি প্রকল্প ঘোষণা করা নিয়ে রাজ্যগুলির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিদ্যুৎ ভর্তুকি সংক্রান্ত একটি মামলার শুনানিতে আদালত জানায়, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক আর্থিক পরিকল্পনা থাকা জরুরি।

তামিলনাড়ু সরকারের একটি বিনামূল্যের বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে এই মন্তব্য করে আদালত। বিচারপতিরা বলেন, যদি আগেই ভর্তুকির সিদ্ধান্ত জানানো হত, তা হলে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি তাদের হিসাব-নিকাশ ও ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারত। কিন্তু শেষ মুহূর্তে ঘোষণা করায় আর্থিক পরিকল্পনায় সমস্যা তৈরি হয়েছে।

আদালতের মতে, অনেক রাজ্য ইতিমধ্যেই আর্থিক ঘাটতিতে রয়েছে। এই অবস্থায় বড় অঙ্কের ভর্তুকি দিলে সেই বোঝা শেষ পর্যন্ত করদাতাদের ওপরই পড়বে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তবে যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁদেরও যদি বিনা বাছবিচারে একই সুবিধা দেওয়া হয়, তা হলে নীতিগত প্রশ্ন ওঠে।

তিনি আরও বলেন, নির্বাচনের ঠিক আগে এ ধরনের ঘোষণা করা কি জনস্বার্থে, তা ভেবে দেখা দরকার। এই প্রবণতা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলেও আদালত সতর্ক করেছে।

তবে আদালত জানিয়েছে, বিষয়টি শুধু একটি রাজ্যের নয়, বিভিন্ন জায়গায় এমন প্রবণতা দেখা যাচ্ছে। মামলার শুনানি এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *