আজ, সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। বর্তমানে আন্ডার অ্যাজুডিকেশনে থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে ইতিমধ্যেই ২৮ লক্ষের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ সম্পন্ন হয়েছে। ফলে তালিকা প্রকাশিত হলে এই ২৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ্যে আসতে পারে। তবে সংশ্লিষ্ট সব নামই যে চূড়ান্তভাবে বৈধ ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবে, তা নিশ্চিত নয়।
সূত্রের খবর, এই তালিকায় দুটি পৃথক বিভাগ থাকতে পারে—একটিতে যাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে এবং অন্যটিতে যাঁদের নাম বাদ পড়েছে। পাশাপাশি অ্যাডিশন ও ডিলিশন সংক্রান্ত আলাদা কলামও থাকতে পারে। উল্লেখ্য, এটি প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, ভবিষ্যতে আরও একাধিক তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোটাররা ECINET অ্যাপ অথবা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট eci.gov.in-এ গিয়ে ‘SIR-2026 Download Electoral Roll’ অপশনে ক্লিক করে, স্টেট নির্বাচন করে এবং ‘SIR Supplementary Roll 2026’ বেছে নিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এছাড়াও, সংশ্লিষ্ট জেলাশাসকের দফতর ও স্থানীয় বুথে এই তালিকার হার্ড কপি পাওয়া যাবে।



