বলিউডে পা রাখার আগেই আলোচনার কেন্দ্রে ছিলেন শাহরুখ খান ও গৌরী খানের কন্যা সুহানা খান। জ়োয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিজ়’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত সুহানা। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই চর্চা হয়।
অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেননি দু’জনের কেউই।
তবে এক সময় নাকি এক কোরিয়ান তারকার প্রেমে পড়েছিলেন সুহানা। ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, কোন অভিনেতার সঙ্গে তিনি প্রেম করতে চান? উত্তরে সুহানা জানিয়েছিলেন, কোরিয়ার জনপ্রিয় গায়ক-গীতিকার ও অভিনেতা কিম জুন-মিয়নের সঙ্গে প্রেম করতে চান তিনি। এমনকি সেই কোরিয়ান তারকার ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন সুহানা। তাঁর এই উত্তর শুনে অনেক অনুরাগীই বেশ অবাক হয়েছিলেন।
এদিকে ‘আর্চিজ়’ ছবিতে অভিনয়ের পর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে শীঘ্রই বড়পর্দায় বাবার সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে সুহানাকে। দীর্ঘদিন ধরেই এই ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি। জানা গিয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে এই ছবি।
অভিনয়ের পাশাপাশি বিনিয়োগেও মন দিয়েছেন সুহানা। ইতিমধ্যেই মহারাষ্ট্রের আলিবাগে প্রায় ১২.৯১ কোটি টাকার জমি কিনেছেন তিনি। ফলে অভিনয় এবং ব্যবসা—দুই ক্ষেত্রেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে চাইছেন শাহরুখ-কন্যা।
