পশ্চিম এশিয়ায় ইরান, ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় দুর্ঘটনা ভারতের বায়ুসেনায়। অসমের জোরহাট থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায় ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই (Su-30MKI)। পরে জানা যায়, সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে।ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে প্রশিক্ষণ উড়ানে বেরিয়েছিল যুদ্ধবিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা ৭টা ৪২ মিনিট নাগাদ গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল।
এরপরই শুরু হয় তল্লাশি অভিযান।পরে জানা যায়, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি অ্যাংলং জেলার নীলিপ ব্লক এলাকায় যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সেই সময় একটি বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান।
স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, সন্ধ্যার সময় একটি যুদ্ধবিমানকে নীচে নামতে দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যেই তীব্র শব্দ ও বিস্ফোরণ শোনা যায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। হেলিকপ্টারের সাহায্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।যুদ্ধবিমানটিতে দু’জন পাইলট ছিলেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। ভারতীয় বায়ুসেনা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
