এসএসসি দুর্নীতির জট খুলতে তৎপর ইডি, তলব প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন ও কুন্তল ঘোষকে

রাজ্যের বহুচর্চিত স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলার জট খুলতে আরও তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে তাঁদের কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে

তদন্তকারীরা জানাচ্ছেন, এখন আর শুধুমাত্র নিচুতলার তথাকথিত ‘এজেন্টদের’ ভূমিকাই নয়, বরং দুর্নীতির গোটা নেটওয়ার্ক কীভাবে সরকারি দপ্তর থেকেই নিয়ন্ত্রিত হত, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই প্রাক্তন শিক্ষাসচিব হিসেবে মণীশ জৈনের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান ইডি আধিকারিকরা।

এর আগে এই মামলায় সিবিআই মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করেছিল, তবে ইডি-র পক্ষ থেকে এই প্রথম তাঁকে তলব করা হল। তদন্তকারীদের মূল লক্ষ্য হল আর্থিক লেনদেনের রুট ম্যাপ পরিষ্কার করা। সেই কারণেই মণীশ জৈন ও কুন্তল ঘোষের বয়ান মিলিয়ে দেখতে চাইছেন তাঁরা।

অন্যদিকে, চলতি মাসেই এই মামলার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আবার জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে ইডি। জানা গেছে, আগামী ১৬ ও ১৮ মার্চ তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা

তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন, শিক্ষা দপ্তরের প্রাক্তন সচিব হিসেবে মণীশ জৈনের কাছে কি কোনও বিশেষ নিয়োগ তালিকা পৌঁছত? এবং কার নির্দেশে সেই ফাইলগুলির নড়াচড়া হতো

একইসঙ্গে, প্রাথমিক মামলায় জামিন পেলেও এসএসসি দুর্নীতিতে টাকা সংগ্রহের অভিযোগে কুন্তল ঘোষের ভূমিকা নিয়েও নতুন করে তদন্ত করছে ইডি। সূত্রের খবর, শুধু এই চারজনই নন, আগামী কয়েকদিনে শিক্ষা দপ্তরের আরও কয়েকজনকে তলব করার তালিকাও তৈরি করেছে তদন্তকারী সংস্থা। ধাপে ধাপে তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *