শ্রেয়া ঘোষাল সুরাটে তাঁর ২৬ এপ্রিলের গানের অনুষ্ঠান বাতিল ঘোষণা করলেন। সমাজমাধ্যমে তিনি এই বার্তা দিয়েছেন। শুধুই অনুষ্ঠান বাতিল করেননি, টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান সেই ব্যবস্থাও করেছেন। অরিজিৎ প্রথম এই পথে হাঁটেন। ২৭ এপ্রিল চেন্নাইয়ে তাঁর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি সেটি বাতিল করেছেন। টিকিটের অর্থমূল্য ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
২২ এপ্রিল শান্ত কাশ্মীরে সন্ত্রাসবাদ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে জঙ্গিরা। সকলেই ক্ষোভ উগরে দেন সমাজমাধ্যমে। শ্রেয়া লেখেন, ”নারকীয় এই ঘটনায় তিনি ব্যথিত। স্বজনহারাদের কান্না তাঁর কণ্ঠরোধ করেছে।” তিনি ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছেন। তিনি জানান, তিনি আছেন। তাঁর গানও থাকবে। অনুষ্ঠান করার মতো পরিস্থিতি অনেক আসবে। সব পরিবেশ গান গাওয়া বা শোনার উপযুক্ত নয়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই বলিউডে বিভিন্ন প্রচারধর্মী অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।
