বাবা-মায়ের নাম আছে, ‘ডিলিট’ তিন ছেলের নাম! চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য সোনারপুরে

সোনারপুর:
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়াল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মিলন পল্লি এলাকায়। অভিযোগ, বাবা-মায়ের নাম তালিকায় থাকলেও ‘ডিলিট’ দেখানো হয়েছে পরিবারের তিন ছেলের নাম। ফলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সূত্রের খবর, সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজকুমার সাউ ও তাঁর স্ত্রী মঞ্জু সাউয়ের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে। কিন্তু তাঁদের তিন ছেলে— রজত সাউ, মণীশ সাউ এবং শুভম সাউয়ের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

পরিবারের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরেই ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এমনকি ২০০২ সাল থেকে পরিবারের নাম ভোটার তালিকায় রয়েছে। তা সত্ত্বেও হঠাৎ করে তিন ছেলের নাম বাদ পড়ায় হতবাক পরিবার।

🗳️ SIR-এ নথি জমা, তবুও বাদ নাম

সাউ পরিবারের অভিযোগ, SIR-এ নির্দিষ্ট সময়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। তবুও নাম বাদ যাওয়ায় তাঁরা দিশেহারা। এখন নাম সংশোধনের জন্য সরকারি দপ্তরে বারবার ছুটতে হবে ভেবে উদ্বিগ্ন তিন ভাই।

রজত সাউ বলেন,

“আমরা নিয়ম মেনে সমস্ত নথিপত্র জমা দিয়েছি। আমাদের মা-বাবার নাম ২০০২ সালের তালিকায় রয়েছে। তার পরেও আমাদের তিন ভাইয়ের নাম ডিলিট দেখানো হয়েছে।”

কেন এই নাম বাদ পড়ল? প্রশাসনিক ত্রুটি, নাকি তথ্য যাচাইয়ের সমস্যা— তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবার চাইছে দ্রুত সমস্যার সমাধান হোক, যাতে আগামী বিধানসভা নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত না হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *