উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল অশান্তি। তাই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। সেখানে রাতে দলবল নিয়ে চড়াও হন স্বামী। স্ত্রীর বাবার বাড়ির সদস্যদের ওপর হামলা চালায় বলে ও অভিযোগ।আর এই ঘটনায় আহত হয়েছেন একাধিক জন।আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সালেপুর এলাকায়। অভিযুক্তের নাম রফিক খান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিক খানের স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল। তাই তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান।সেই আক্রোশ গিয়ে পড়ে শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে রফিক খান ও তাঁর পরিবারের অন্য সদস্যরা সব মিলে প্রায় কুড়ি জন অতর্কিত হামলা চালান। আহত হন রফিক খানের শ্যালক শফিক সর্দারকে বেধড়ক মারধর করা হয়েছে। আর সেই সময় ভাগ্না শফিকের বাড়িতে গিয়েছিলেন ব্যবসায়ী মামা আমির সোহেল শেখ।অভিযোগ,তাঁকেও মারধরের পাশাপাশি ক্ষুর দিয়েও মাথার বিভিন্ন জায়গায় কেটে দেওয়া হয়েছে। সেই সময় তাঁদের চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন জড়ো হতেই হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আমির সোহেল শেখ ও তাঁর ভাগ্না শফিক সর্দারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত রফিক খান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা প্রত্যেকেই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে পলাতক সকলেই। পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শশুর বাড়ি গিয়ে শ্যালক-সহ একাধিক মানুষকে আক্রমণ, গ্রেফতার জামাই
