ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। জিরো আওয়ারে এই প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
ডেরেকের বক্তব্যকে সমর্থন করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও বিহারের মতো রাজ্যে বাড়ি বাড়ি যাচাইয়ের নামে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তাঁর অভিযোগ, এই পদ্ধতি কার্যত নির্বাচনে কারচুপির পথ খুলে দিতে পারে।
তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন সভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের মন্তব্য সঠিক নয় এবং তা রেকর্ডে রাখা যাবে না। এরপরই বিতর্ক থামিয়ে দেওয়া হয়।
চেয়ারম্যানের এই সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের সাংসদ ওয়াকআউট করেন।
উল্লেখ্য, SIR প্রক্রিয়া ১৯৫২ সাল থেকেই চালু, যার মাধ্যমে ভোটার তালিকা থেকে ভুয়ো বা মৃত ভোটারের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়। বিজেপির দাবি, এই প্রক্রিয়া নির্বাচনকে স্বচ্ছ রাখতে অত্যন্ত জরুরি।
তবে আসন্ন কয়েকটি রাজ্যের নির্বাচনের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে। ইতিমধ্যেই আদালত নির্বাচন কমিশনকে এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার নির্দেশ দিয়েছে।
