SIR শুনানিতে ৪ বার তলব, কাগজ জমা নিয়েও আতঙ্ক কাটেনি—ডানকুনিতে বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রাজ্যে SIR (Special Intensive Revision) শুনানি ঘিরে উদ্বেগের আবহের মধ্যেই হুগলির ডানকুনিতে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম শেখ আনোয়ার (৬৯)। পরিবারের দাবি, বারবার শুনানিতে তলব ও নাম বাদ পড়ার আশঙ্কায় তিনি চরম মানসিক চাপে ছিলেন। সেই আতঙ্কই মৃত্যুর কারণ বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আনোয়ারের কাছে নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নোটিস আসে। পরপর চারবার তাঁকে SIR শুনানিতে ডাকা হয়। প্রতিবারই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তবুও নতুন তথ্য চেয়ে ফের তলব করা হচ্ছিল বলে অভিযোগ।

সম্প্রতি কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এলাকার পাঁচজনের সই-সহ অতিরিক্ত নথি জমা দিতে হবে। পরিবার সূত্রে খবর, সেই নথিও জোগাড় করা হয়েছিল। তবে সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই সোমবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি এবং মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, শুনানির পরও সংশয় কাটছিল না শেখ আনোয়ারের। দোকান বন্ধ করে আগের রাতে বাড়ি ফেরার পরও কাগজপত্র ঠিকমতো জমা হয়েছে কি না তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। সম্মতিসূচক মাথা নাড়লেও তাঁর মধ্যে দুশ্চিন্তার ছাপ ছিল বলেই দাবি পরিবারের।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির কথামতো কাজ করছে এবং এই মৃত্যুর দায় তাদেরই নিতে হবে। অন্যদিকে বিজেপি পাল্টা জানিয়েছে, মৃত্যুর ঘটনায় রাজনৈতিক রং চড়ানো হচ্ছে।

SIR শুনানি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভের সুর উঠেছে। ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুনানি পর্ব শেষ হলেও, সাধারণ মানুষের একাংশের মধ্যে আতঙ্ক এখনও কাটেনি বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *