ভাটপাড়ার বড় শ্রীরামপুরে চলল গুলি, আতঙ্কে বাসিন্দারা

বি. নাথ : জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুররসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুরে চলল গুলি। জানা গিয়েছে, বিজেপি কর্মী রাজু কুমার সাউ ওরফে মনু রবিবার পরিবর্তন যাত্রায় যোগ দিয়েছিল। সেইকারনে এদিন দুপুরে রাজুর বাড়িতে হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও ঘটনার সময় রাজু বাড়িতে ছিলেন না। তবে প্রকাশ্য দিবালোকে গুলি চলার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। রাজুর দাদা অমিত সাউ জানান, তাঁর ভাই বিজেপির পরিবর্তন যাত্রায় গিয়েছিল বলে প্রথমে ফোনে ওরা ধমকায়। তারপর চারজন বাড়িতে এসে ভাইয়ের খোঁজ করে। ভাইকে না পেয়ে তাঁকে তুলে নিয়ে যাবার চেষ্টা করে। অমিতের অভিযোগ, তুলে নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় ওরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায়। বাড়িতে ইঁট, পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। দলীয় কর্মীর বাড়িতে হামলার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে। তাঁর অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ড জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। দলের সক্রিয় কর্মী রাজু কুমার সাউ পরিবর্তন যাত্রায় গিয়েছিল বলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সুজিত কালু, মনুয়া, বিধান, রবি এসে ওর বাড়িতে তান্ডব চালিয়েছে। ওকে না পেয়ে ওর দাদাকে মারধোর করেছে। তাঁর বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ নিয়ে ঘুরলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে সক্রিয় হতে হবে। ভোটের আগে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। বোমা-বন্দুক বাজেয়াপ্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *