জাতীয় পতাকা বদলে গেরুয়া পতাকা বসানোর দাবি শিবরাজনের, সরব তৃণমূল কংগ্রেস

প্রবীণ বিজেপি নেতা এন শিবরাজন ভারতের জাতীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা ব্যবহার করার কথা বলে বিতর্কে জড়িয়েছেন। পালাক্কাড়ের আঞ্চুভিলাক্কু জংশনে বিজেপি আয়োজিত একটি বিক্ষোভের সময় এলডিএফ এবং ইউডিএফ দুজনের বিরুদ্ধেই ‘ভারত মাতা’র অবমাননার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভ চলাকালীন পালাক্কাড় পৌরসভার বিজেপির বর্তমান কাউন্সিলর শিবরাজন বলেন যে রাজনৈতিক দলগুলিকে জাতীয় পতাকার অনুরূপ পতাকা ব্যবহার নিষিদ্ধ করা উচিত। কংগ্রেস এবং এনসিপিকে লক্ষ্য করে তিনি আরও বলেন যে তাদের আলাদা পতাকা ব্যবহার করা উচিত। কংগ্রেসকে সবুজ পতাকা ব্যবহার করারও পরামর্শও দেন তিনি। শিবরাজন আরও বলেন যে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, যারা ভারতীয় ইতিহাস সম্পর্কে অজ্ঞ তাঁরা ইতালির পতাকা উড়িয়ে দিতে পারেন। বিজেপি নেতার এই বক্তব্যের পরেই নেট দুনিয়ায় সরব হয় নেটিজেনরা।

এই ঘটনার পর সোশ্যাল হ্যান্ডেলে তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। লেখা হয়, ”বিজেপির বর্ষীয়ান নেতা ও জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য এন. শিবরাজন প্রকাশ্যে দাবি তুলেছেন ভারতের জাতীয় পতাকা সরিয়ে তার জায়গায় বিজেপির গেরুয়া পতাকা বসানোর!
এটি স্পষ্ট রাষ্ট্রদ্রোহ, এবং এর বিরুদ্ধে UAPA অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে একটিও নিন্দার শব্দ শোনা যায়নি। কেন? কারণ, শিবরাজন কেবল মুখ ফুটে বলে ফেলেছেন বিজেপির আসল মানসিকতা:

ভারতের বহুত্ববাদকে মুছে ফেলা
স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে অপমান করা
দেশের ইতিহাসকে বিকৃত করা
দেশের বৈচিত্র্যপূর্ণ ও গণতান্ত্রিক জাতির উপর- একদলীয়, এক মতাদর্শের শাসন চাপিয়ে দেওয়া
এই বিকৃত চিন্তাভাবনা দেশের সংবিধান, সংস্কৃতি এবং আত্মাকে আঘাত করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *