ট্রেন বাতিলের প্রতিবাদে শান্তিপুর স্টেশনে অবরোধ, বিক্ষোভে মতুয়া সম্প্রদায়ের একাংশ

সোমবার বিশেষ তিথি উপলক্ষে ঠাকুরবাড়ি যাওয়ার পথে ট্রেন বাতিল হওয়াকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর স্টেশনে বিক্ষোভে সামিল হলেন মতুয়া সম্প্রদায়ের একাংশ। অভিযোগ, শান্তিপুর থেকে বনগাঁগামী নির্ধারিত লোকাল ট্রেন হঠাৎই বাতিল করে দেয় রেল কর্তৃপক্ষ।

এর জেরে ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো পুণ্যার্থী। তাঁরা স্টেশনে রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন অবরোধ চলে। ফলে শান্তিপুর-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল কিছু সময়ের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও আগাম ঘোষণা ছাড়াই মাঝেমধ্যেই শান্তিপুর-বনগাঁ লোকাল বাতিল করা হয়। কেন এই বিশেষ দিনেই ট্রেন বাতিল করা হল, সেই প্রশ্ন তুলে লাইনের উপর বসে প্রতিবাদ জানান মতুয়া সম্প্রদায়ের একাংশ। এ দিন বিক্ষোভ চলাকালীন ডঙ্কা ও কাঁসর বাজিয়ে প্রতিবাদ জানানো হয়।

অবরোধের জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। শিয়ালদহগামী ট্রেন আটকে যাওয়ায় স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

মতুয়াদের আরও অভিযোগ, এর আগেও বিভিন্ন উৎসব বা বিশেষ দিনে রেলের তরফে এ ধরনের অব্যবস্থা দেখা গিয়েছে। তাঁদের দাবি, রেল কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তাঁদের হয়রানি করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তাঁদের উদ্যোগে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। শেষ পর্যন্ত রেলের তরফে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *