বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান শুধু বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতাই নন, তিনি এখন বিশ্বের একমাত্র অভিনেতা যিনি বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেছেন। Hurun India Rich List 2025 অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২,৪৯০ কোটি টাকা (প্রায় ১.৪ বিলিয়ন ডলার)।
সিনেমার পাশাপাশি একাধিক ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন বিশাল আর্থিক সাম্রাজ্য। সম্প্রতি এক পডকাস্টে সেলিব্রিটি ওয়েলথ ম্যানেজার দীপক হিরো ভাজিরানি শাহরুখ খানের সাফল্যের রহস্য তুলে ধরেছেন।
তিনি বলেন,
“শাহরুখ খান একজন ব্যবসায়ী। তিনি খুব পড়াশোনা করা মানুষ এবং ব্যবসা খুব ভালো বোঝেন। একটা যুগে একজনই শাহরুখ খান জন্মায়।”
দীপক জানান, শাহরুখ খানের বিনিয়োগ অত্যন্ত বিচিত্র বা well diversified। তিনি উদাহরণ হিসেবে শাহরুখের মুম্বইয়ের বিখ্যাত বাড়ি ‘মন্নত’-এর কথা উল্লেখ করেন।
তিনি বলেন,
“মন্নত তিনি প্রায় ১৮ কোটি টাকায় কিনেছিলেন। এখন সেই বাড়ির মূল্য প্রায় ৩০০ কোটি টাকার কাছাকাছি।”
কেকেআর থেকে বিপুল লাভ
শুধু রিয়েল এস্টেটই নয়, ক্রিকেটেও বড় বিনিয়োগ করেছেন শাহরুখ খান। ২০০৭ সালে আইপিএল শুরু হওয়ার সময় তিনি Kolkata Knight Riders (KKR)-এ প্রায় ৫৫ শতাংশ শেয়ার কিনেছিলেন। তখন ফ্র্যাঞ্চাইজির মূল্য ছিল প্রায় ৩০০ কোটি টাকা।
বর্তমানে কেকেআরের মূল্য কয়েকগুণ বেড়ে গেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান এখন তাঁর শেয়ার আরও ৩৫ শতাংশ বাড়ানোর কথাও ভাবছেন, যার জন্য প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হতে পারে।
পরিচালক করন জোহরও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,
শাহরুখ শুধু নাম দেওয়ার জন্য কেকেআরের সঙ্গে যুক্ত নন। তিনি পরিকল্পনা করেন, সময় দেন এবং দলকে নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ। এই কারণেই কেকেআর তাঁর সবচেয়ে লাভজনক ব্যবসাগুলির একটি হয়ে উঠেছে।
মন্নতে চলছে সংস্কারের কাজ
এদিকে মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের আইকনিক বাড়ি মন্নত বর্তমানে সংস্কারের কাজের জন্য বন্ধ রয়েছে। ফলে শাহরুখ ও তাঁর পরিবার আপাতত পালি হিলের একটি চারতলা অ্যাপার্টমেন্টে থাকছেন, যার জন্য মাসে প্রায় ২৪ লক্ষ টাকা ভাড়া দিচ্ছেন তিনি।
পরিবারের কর্মীদের থাকার জন্য গৌরি খান কাছাকাছি আর একটি বাড়িও ভাড়া নিয়েছেন, যার ভাড়া প্রায় ১.৩৫ লক্ষ টাকা প্রতি মাসে।
২০২৪ সালের নভেম্বরে গৌরি খান Maharashtra Coastal Zone Management Authority (MCZMA)-এর কাছে মন্নতের অ্যানেক্সে আরও দুটি নতুন তলা যুক্ত করার অনুমতি চেয়েছেন। প্রায় ২৫ কোটি টাকা খরচে এই সংস্কারের পরিকল্পনা করা হয়েছে।
