শিয়ালদহ মেন শাখায় সিগন্যাল বিভ্রাটে ট্রেন চলাচল ব্যাহত, দুর্ভোগে নিত্যযাত্রীরা

শিয়ালদহ মেন শাখায় বুধবার সকাল থেকে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। দমদম, আগরপাড়া, বেলঘরিয়া-সহ একাধিক স্টেশনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে হঠাৎই দাঁড়িয়ে পড়ে ব্যারাকপুর–বিবাদী বাগ লোকাল। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকলেও স্টেশনে কোনও ঘোষণা করা হয়নি বলে অভিযোগ। ফলে যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েন। অনেকেই বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে বিকল্প পথের খোঁজ করতে শুরু করেন।

জানা গিয়েছে, আগরপাড়া স্টেশনের দুই এবং চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শিয়ালদহগামী ডাউন লাইনের ট্রেন চলাচল করে। চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আটকে পড়ায় সেই লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়। যদিও দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আংশিকভাবে ট্রেন চলাচল চালু ছিল। কিন্তু সেখানে বাড়তি যাত্রীচাপ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভিড়ের কারণে অনেক যাত্রী ট্রেনে উঠতেই পারেননি বলেও অভিযোগ।

শুধু ডাউন লাইনই নয়, আপ লাইনেও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে বলে খবর। বেলঘরিয়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল, যার পিছনেও একাধিক ট্রেন আটকে পড়ে। ব্যস্ত অফিস টাইমে এই বিপর্যয়ের জেরে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

রেল সূত্রে জানা গেছে, বেলঘরিয়া স্টেশনে আপ প্ল্যাটফর্মে ঢোকার মুখে হোম সিগন্যাল বিভ্রাটের জেরে এই সমস্যা তৈরি হয়েছে। সকাল প্রায় ১০টার পর থেকে এই সমস্যা লক্ষ্য করা যায়। বর্তমানে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছেন।

এই বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *