ওড়িশার কটকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল। সোমবার ভোররাতে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে আগুন লাগার ঘটনায় অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আগুন থেকে রোগীদের উদ্ধার করতে গিয়ে অন্তত ১১ জন হাসপাতালের কর্মী দগ্ধ হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোররাত প্রায় ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে ট্রমা কেয়ার আইসিইউ বিভাগে হঠাৎই আগুন লাগে। ওই সময় আইসিইউতে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকল ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আইসিইউতে আটকে পড়া রোগীদের উদ্ধার করার কাজ শুরু করেন। উদ্ধারকাজে সাহায্য করতে গিয়ে হাসপাতালের অন্তত ১১ জন কর্মী দগ্ধ হন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইসিইউর কোনও বৈদ্যুতিক ত্রুটি থেকে এই আগুন লাগতে পারে। তবে কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে
