রাদারফোর্ডের ব্যাটে ফিরল ২০১৬-র স্মৃতি, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

মুম্বই, ১১ ফেব্রুয়ারি:
ওয়াংখেড়েতে যেন ফিরে এল ২০১৬ সালের ইডেন গার্ডেন্সের স্মৃতি। সেই বছর ইংল্যান্ডকে হারিয়েই টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার আরও একবার টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ রানের দাপুটে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। চাপের মুখে দুরন্ত হাফ সেঞ্চুরি করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন শেরফানে রাদারফোর্ড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে মাত্র ৮ রান উঠতেই অধিনায়ক শাই হোপ (০) ও ব্রেন্ডন কিং (১) সাজঘরে ফেরেন। ইনিংসের প্রথম ওভারেই জোফ্রা আর্চারের শিকার হন হোপ, পরের ওভারে স্যাম কারেন তুলে নেন কিংয়ের উইকেট। আগের ম্যাচে অর্ধশতরান করা শিমরন হেটমেয়ার রোস্টন চেসকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে ১২ বলে ২৩ রান করে ফিরে যান হেটমেয়ার। চেসও বেশিক্ষণ টিকতে পারেননি—২৯ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তখন ৭৭ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।

চরম চাপের মুহূর্তে দলের হাল ধরেন শেরফানে রাদারফোর্ড। একপ্রান্ত আগলে রেখে বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। ৪২ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। তাঁর সঙ্গে শেষ দিকে কার্যকর ভূমিকা নেন জেসন হোল্ডার, যিনি ১৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এই জুটিতেই ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৯৬ রান তোলে।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন ফিল সল্ট। মাত্র ১৪ বলে ৩০ রান করে তিনি আউট হতেই ছন্দ হারায় ইংল্যান্ড। যশ বাটলার (২১), জেকব বেথেল (৩৩), হ্যারি ব্রুক (১৭) কেউই বড় ইনিংস খেলতে পারেননি। একমাত্র স্যাম কারেনই কিছুটা প্রতিরোধ গড়েন। শেষ পর্যন্ত ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে দাপট দেখান গুডাকেশ মতি, যিনি ৩টি উইকেট নেন। রোস্টন চেস শিকার করেন ২টি উইকেট। শেষ পর্যন্ত ১৯ ওভারেই ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড, আর ৩০ রানের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *