সুমন আদক, হাওড়া : প্রচার শুরু করলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। বুধবার হাওড়ার শংকর মঠে মহারাজের আশীর্বাদ নিয়ে এবং রামরাজাতলায় রামমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন বিকেলে রুদ্রনীল প্রথমেই যান শংকর মঠে। সেখানে মহারাজের আশীর্বাদ নেন তিনি। তারপর যান রামরাজাতলায় রামমন্দিরে। সেখানেও পুজো দেন তিনি। এরপর শিয়ালডাঙা মোড়ে মা-তারার মন্দিরে পুজো দেওয়া-সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। রুদ্রনীল বলেন, এদিন প্রচারে বেরিয়ে আমি হাওড়ার শংকর মঠে পূজনীয় মহারাজের আশীর্বাদ নিলাম। এখানে আমি রাজনৈতিক কোনও মন্তব্য করতে চাই না। এখানে মহারাজ অন্ধকার মুক্তির আশীর্বাদ দিয়েছেন। পুরো হাওড়া শহরকে যারা ডাস্টবিনের শহর বানিয়েছেন, যারা অন্ধকার বানিয়েছেন, যারা ড্রেন আর নর্দমার জলে মানুষকে ডুবিয়ে মারতে চাইছেন এবং রোগগ্রস্ত করতে চাইছেন তারাই হচ্ছেন আমাদের এই সমাজের অন্ধকার। এই অন্ধকার থেকে মুক্তি চাইছেন মানুষ।
শংকর মঠের মহারাজের আশীর্বাদ ও রামমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু রুদ্রনীলের
