কুলতলিতে খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল

দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে খাঁচাবন্দি হল সেই রয়্যাল বেঙ্গল টাইগার। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি বিটের বন আধিকারিক এবং কর্মীরা। বন বিভাগের তরফ থেকে সকলকেই সতর্ক করা হয়। পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। গ্রামবাসীদের সাহায্যে বাঘের অবস্থান বুঝে সব ব্যবস্থা করা হয়। জঙ্গলের মধ্যে বাঘ ধরতে সন্ধ্যার আগে দু’টি খাঁচা পাতা হয়। টোপ হিসেবে ছাগল দেওয়া হয়। ভোর তিনটে নাগাদ হঠাৎই একটি খাঁচার দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ পেয়ে বোঝা যায় বাঘ ধরা পড়েছে।

ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় খাঁচার ভিতরে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। বন দফতরের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে বাঘটিকে একটি নৌকায় করে নিয়ে যাওয়া হয়। বাঘটির শারীরিক পরীক্ষা করে সে জঙ্গলে ফিরতে উপযুক্ত কি না দেখা হবে। কেন সে লোকালয়ে ঢুকল, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *