স্বপ্নের অবসরবাস বিক্রির পথে রোনাল্ডো, গোপনীয়তা নিয়ে চিন্তা

নির্মাণ সম্পূর্ণ হলেও শেষ পর্যন্ত নিজের স্বপ্নের অবসরনিবাস বিক্রি করার সিদ্ধান্তের পথে হাঁটছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিনশো কোটি টাকা।

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে অবসর জীবন শান্তিতে কাটানোর লক্ষ্যেই এই বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছিলেন রোনাল্ডো। ২০২০ সালে শুরু হওয়া এই প্রকল্প শেষ হতে সময় লেগেছে প্রায় ছ’বছর। পর্তুগালের কাসকাইস এলাকায়, সমুদ্র থেকে মাত্র ২০০ মিটার দূরে ১২ হাজার বর্গমিটার জমির উপর গড়ে উঠেছে এই প্রাসাদোপম আবাসন।

আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এই বাড়িতে রয়েছে একাধিক সুইমিং পুল, ২০টি গাড়ি রাখার মতো বিশাল গ্যারেজ, জিম, স্পা, ব্যক্তিগত সিনেমা হল এবং সুসজ্জিত বাগান। পাশাপাশি রয়েছে গলফ কোর্স ও রেস কোর্সের সুবিধাও।

তবে পর্তুগিজ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আশেপাশের এলাকায় পর্যাপ্ত গোপনীয়তা না পাওয়ার কারণেই এই বাড়ি বিক্রির কথা ভাবছেন রোনাল্ডো। আশপাশের জমি কেনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি, কারণ সেই জমির মালিকানা রয়েছে পর্তুগালের নামী হোটেল গোষ্ঠী ওভিতাভোস এবং একটি গলফ ক্লাবের হাতে।

যদিও বিক্রির আগে এই বাড়িতেই জর্জিনার সঙ্গে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে রোনাল্ডোর। আগেই জানা গিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপের পর দীর্ঘদিনের সম্পর্ককে বৈবাহিক পরিণতি দিতে চলেছেন পর্তুগিজ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *