দেবাশিস পাল, মালদা : বেহাল রাস্তার প্রতিবাদ। রাস্তায় জমে থাকা হাঁটু জলে নেমে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। একইসঙ্গে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিলেন গ্রামবাসীরা। মালদহের তুয়া ১ নং ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর হাজিটোলা এলাকার ঘটনা। বছরের বেশীর ভাগ সময়েই রাস্তায় জল জমে থাকে এই এলাকায়। বহুবার নেতা মন্ত্রীকে বললেও সমস্যার কোনও সমাধান হয়নি। জেলা তৃণমূল সভাপতির বুথেই এমন জল যন্ত্রণায় ভুগছেন মানুষ। এরই প্রতিবাদে এলাকার মানুষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্শিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখান। শুধু তাই নয় রাস্তার দ্রুত সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। যদিও রতুয়া ১ নং ব্লকের মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন, আমরা ভোটে জিতলে জল নিকাশীর ব্যবস্থা করে দেব।



