বিয়েবাড়ি থেকে ফেরার পথে পুরুলিয়ায় পথ দুর্ঘটনা!মৃত পড়শি রাজ্যের ন’জন

পুরুলিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে লরি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ঝাড়খণ্ডের ন’জন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজার থানার আদাবনা এলাকায় একটি বিয়েবাড়িতে গাড়ি ভাড়া করে এসেছিলেন ঝাড়খণ্ডের নিমডি থানার তিলাইটাড়ের কয়েক জন। শুক্রবার বাড়ি ফিরছিলেন তাঁরা। পুরুলিয়ার বলরামপুর থানার নামশোল এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলেরো গাড়িটি জামশেদপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি ট্রেলার আসছিল। বলরামপুর থানার নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দু’টি গাড়িই। মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা নজরে আসতে প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। বোলেরোয় চালক-সহ ন’জন ছিলেন। সকলকেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে কাউকেই বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *