পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবি (আরএন রবি)। বৃহস্পতিবার কলকাতার লোকভবনে এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য পুলিশের ডিজি-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নতুন রাজ্যপাল। একে অপরকে নমস্কার জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা।
আরএন রবি ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার। কর্মজীবনে তিনি সিবিআই এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০২১ সাল থেকে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন আরএন রবি। তামিলনাড়ুতে দায়িত্বে থাকার সময় মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে একাধিকবার সংঘাতেও জড়িয়েছিলেন তিনি।
