রাজারহাট-নিউটাউন আসনে টিকিট না পেয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের

20260321 133207

বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হওয়ার জন্য বিজেপি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তবে দলের দ্বিতীয় প্রার্থীতালিকায় ওই আসনে অন্য প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি।

রিঙ্কুর অভিযোগ, যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি, তবে সিদ্ধান্তে অসন্তোষ স্পষ্ট করেছেন। তিনি জানান, প্রার্থী হওয়ার জন্য নিজের বায়োডেটাও জমা দিয়েছিলেন।

শুক্রবার বিধাননগরে বিজেপির দফতরে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে দেখা করেন রিঙ্কু। বৈঠকের পর তিনি বলেন, তাঁকে টিকিট না দেওয়া উচিত হয়নি এবং তিনি দীর্ঘদিন ধরে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত।

রিঙ্কুর দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে খড়্গপুরে গিয়ে দিলীপ ঘোষকে জেতানোর পরামর্শ দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, দিলীপ ঘোষকে জেতানোর জন্য তাঁর প্রয়োজন নেই, বিজেপি কর্মীরাই যথেষ্ট। তবে তিনি খড়্গপুরে গিয়ে কাজ করবেন বলেও জানান।

এছাড়া, পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে নাম না করে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংহের পরিবারকে নিশানা করেন তিনি। তাঁর অভিযোগ, একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হবে না বলে তাঁকে জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে সেই নীতি মানা হয়নি।উল্লেখ্য, এই নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি কেন্দ্রেই প্রার্থী হয়েছেন। তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী এগরা আসনে টিকিট পেয়েছেন। অন্যদিকে অর্জুন সিংহ নোয়াপাড়া থেকে এবং তাঁর ছেলে পবন সিংহ ভাটপাড়া থেকে বিজেপির প্রার্থী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *