উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : চলছে ইসলাম ধর্মের মানুষদের পবিত্র রমজান মাস।আর রমজান মাস শেষ করে পবিত্র ঈদ উৎসব।আর এই পবিত্র ঈদকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছে জয়নগর থানার পদ্মেরহাট। প্রতি বছরের মতো এ বছরও নবজাগরণ সংঘের উদ্যোগে আয়োজিত হবে এক সপ্তাহব্যাপী ঈদ মিলন উৎসব। শুরু থেকেই এই আয়োজন ঘিরে উৎসাহ ও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা নামতেই আলোর রোশনাই, রঙিন সাজসজ্জা আর মানুষের কোলাহলে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।এবারের উৎসবের মূল আকর্ষণ ঐতিহাসিক স্থাপত্যের আদলে নির্মিত একাধিক ভাবনা। তার মধ্যে বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে বাবরি মসজিদ এর অনুকৃতি। নিখুঁত নকশা, গম্বুজের গঠন এবং আলোকসজ্জার মেলবন্ধনে কাঠামোটি যেন বাস্তবের আবহ তৈরি করেছে। পাশাপাশি সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে তাজমহল, লালকেল্লার লাহোরি প্রবেশদ্বার এবং ইন্ডিয়া গেট এর আদলে নির্মিত প্রবেশপথ।প্রতিটি স্থাপত্যেই শিল্পীদের সূক্ষ্ম কারুকাজ ও নিষ্ঠার ছাপ স্পষ্ট। আয়োজকরা বলেন, এই ভাবনার মাধ্যমে কেবল সৌন্দর্য উপস্থাপন নয়, বরং ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত দক্ষ শিল্পীরা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই নির্মাণকাজ সম্পন্ন করেছেন। তাঁদের সৃজনশীলতায় উৎসব প্রাঙ্গণ যেন এক শিল্পগ্রামে পরিণত হয়েছে।উৎসবকে ঘিরে রয়েছে নানা আয়োজন।শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, বিভিন্ন স্বাদের খাদ্যের দোকান এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে। ফলে এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়,বরংএক সামাজিক সম্প্রীতির মিলন।নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রশাসনের সহযোগিতায় পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে, যাতে সকলেই শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারেন। সব মিলিয়ে, ঈদের আনন্দে জয়নগরের পদ্মেরহাট আজ ঐতিহ্য, শিল্প ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে।
সামনে উপলক্ষে বাবরি মসজিদের অনুকৃতি পদ্মেরহাটে
