ভূমিধস ও বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশে জারি রেড অ্যালার্ট

ভারী বৃষ্টির ফলে বিপর্যস্ত হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। হিমাচলের বেশ কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে এবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্ষা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২০। সরকারি তরফে কাংড়া, মান্ডি, সিরমৌর এবং সোলান জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিভাগের তরফে খবর সোমবার সন্ধ্যা পর্যন্ত কাংড়া, মান্ডি, সোলান এবং সিরমৌর জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভূমিধস এবং বন্যার ফলে জনজীবন ক্ষতির সম্ভাবনা মারাত্মক পরিমান বাড়তে পারে বলেই লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডে, বারকোটে ভূমিধসের ফলে চারধাম যাত্রা স্থগিত করা হয়েছিল। সোমবার চারধাম যাত্রার উপর থেকে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এদিকে, রাতভর বৃষ্টির ফলে রেললাইনে পড়ে থাকা ধ্বংসাবশেষ এবং গাছপালা না সরানো পর্যন্ত সিমলা-কালকা রেললাইনের পরিষেবা কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। সিমলা-কালকা জাতীয় মহাসড়কের (এনএইচ-৫) কাছে ভূমিধসের ফলে সিমলা এবং চণ্ডীগড়ের সংযোগকারী রাস্তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *