উত্তর সিকিমে জারি লাল সতর্কতা

শুক্রবার রাতভর বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। বন্ধ হয়ে যাচ্ছে একাধিক এলাকার রাস্তা। এই অবস্থায় উত্তর সিকিমের জন্য নির্দেশিকা জারি করল সরকার। উত্তর সিকিমে যাতায়াতে বিশেষ সতর্কতা জারি হয়েছে। শুধু তাই নয়, শনিবার থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর সিকিমের বেশ কয়েকটি জায়গা ধসের কবলে পড়েছে। বেশ কয়েক’টি গুরুত্বপূর্ণ রাস্তায় যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন। টুং চেকপোস্টের কাছে ধস নেমেছে বলে জানা গিয়েছে তাই সেখানকার রাস্তা বন্ধ। অতি ভারী বৃষ্টির ফলে সিকিমের নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝে ধস নেমেছিল। সবথেকে সমস্যা হল সেখানে একটি তেলবোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এছাড়া বৃষ্টির জন্য উত্তর সিকিমের ফিদাং গ্রাম বন্যা কবলিত।

সিকিম সরকারের তরফ থেকে নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, উত্তর সিকিমের মঙ্গন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। বিপদ মোকাবিলা করার জন্য সমস্ত দফতরকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে ডিকচু, সিংথামের মতো বেশ কয়েকটি এলাকা। ইতিমধ্যেই তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। যতটা সম্ভব সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে আনার জন্য সমস্ত দফতরকে নির্দেশ দিয়েছে সিকিম সরকার। তিস্তার পরিস্থিতির ফলে নিখোঁজ পর্যটকদের উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *